প্রগতি ত্রিপুরা , ২৭ জুলাই, ২০২৬ : পাবিয়াছড়া বিধানসভা এলাকার অন্তর্গত উত্তর পাবিয়াছড়া অবস্থিত পিএম শ্রী পাবিয়াছড়া কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার বিধায়ক শ্রী ভগবান দাস।
পিএম শ্রী পাবিয়াছড়া কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মহা আড়ম্বরে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে আয়োজিত হয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বিদ্যার্থীদের উৎসাহিত করেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। বিধায়ক শ্রী ভগবান দাস অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
বিধায়ক শ্রী ভগবান দাস বলেন, “এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি, এই উদ্যোগ তাদের বিদ্যালয়ে যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করে তুলবে। পাশাপাশি শিক্ষার প্রতি তাদের আগ্রহ, উৎসাহ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির হার আরও বৃদ্ধি পাবে।
শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।” “অভিভাবক ও এলাকাবাসী সবসময়ই এই বিদ্যাপীঠের গুণগত মান ও পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ নজর রেখেছেন।
বিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের ধারাবাহিক সফলতা অভাবনীয়। আগামী দিনগুলোতে এই সাফল্য এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।” বাইসাইকেল পেয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। দিনটিকে ঘিরে গোটা স্কুল প্রাঙ্গণে উৎসবের পরিবেশ তৈরি হয়।








