অনলাইন ডেস্ক , ২৭ জুলাই, ২০২৬ : সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়-এর সভাপতিত্বে আজ খোয়াই জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বজায় রেখে উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত হলে জেলার সার্বিক উন্নয়ন আরও দ্রুত হবে। তিনি উপস্থিত আধিকারিকগণকে স্বচ্ছতা, নিষ্ঠা ও জনসেবার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক রজত পন্থ। তিনি জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এরপর বিভিন্ন দপ্তরের জেলা আধিকারিকগণ তাঁদের নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পগুলির বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থিত জনপ্রতিনিধিগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ব্যক্ত করেন। তাঁরা বলেন, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে এবং জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রেখে প্রকল্পগুলি বাস্তবায়ন করতে হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত এর সুফল লাভ করতে পারেন। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক রণজিৎ দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, এমডিসি উৎপল দেববর্মা, এমডিসি রাজেশ্বর দেববর্মা, এমডিসি প্রসমিত দেববর্মা ও এমডিসি জেমস দেববর্মা।
এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই ও তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সনদ্বয়, খোয়াই, তেলিয়ামুড়া ও কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ এবং তেলিয়ামুড়া, কল্যাণপুর, মুঙ্গিয়াকামী, পদ্মবিল ও খোয়াই ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যানগণ। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন দাস, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, জেলা বনাধিকারিক অশোক কুমার, অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য ও অভিজিৎ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক, জেলার অন্তর্গত ছয়টি ব্লকের বিডিওগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।








