দীর্ঘদিনের আর্থিক সংকট মস্তিষ্কের বার্ধক্য ত্বরান্বিত করতে পারে, নতুন গবেষণায় ইঙ্গিত

স্বাস্থ্য ডেস্ক , ২৭ জুলাই, ২০২৬ : দীর্ঘ সময় ধরে আর্থিক অনিশ্চয়তা বা দারিদ্র্যের মধ্যে বসবাস মানুষের মস্তিষ্কের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ বছরের পর বছর আর্থিক কষ্টের মুখোমুখি হন, তাদের স্মৃতিশক্তি, তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা এবং সামগ্রিক মস্তিষ্কের স্বাস্থ্য তুলনামূলকভাবে দ্রুত অবনতি ঘটতে পারে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর গবেষকরা ১৯৪৬ সালে জন্ম নেওয়া ২,৭৫৯ জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করেছেন। গবেষণায় অংশগ্রহণকারীদের দীর্ঘমেয়াদি আর্থিক অবস্থা, আয় এবং পরবর্তী জীবনে তাদের মস্তিষ্কের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

গবেষণায় দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কম আয় বা আর্থিক সংকটে ছিলেন, তারা স্মৃতিশক্তি ও তথ্য দ্রুত বিশ্লেষণের পরীক্ষায় তুলনামূলকভাবে কম নম্বর অর্জন করেন। পাশাপাশি এমআরআই স্ক্যানে তাদের মস্তিষ্কে বার্ধক্যের বিভিন্ন লক্ষণও বেশি দেখা যায়। এর মধ্যে ছিল মস্তিষ্কের আকার ছোট হয়ে যাওয়া এবং মস্তিষ্কের ভেন্ট্রিকল বা তরলপূর্ণ অংশের অস্বাভাবিক প্রসারণ।

গবেষণার প্রধান লেখক ড. জ্যাক ওয়েলস জানান, জিনগত কারণ ও শৈশবের প্রতিকূল অভিজ্ঞতা যে মস্তিষ্কের অবনতির সঙ্গে সম্পর্কিত, তা আগেই জানা ছিল। তবে সারাজীবনের আর্থিক চাপ মানুষের মস্তিষ্কে কী ধরনের প্রভাব ফেলে, সে বিষয়ে এতদিন পর্যাপ্ত তথ্য ছিল না। এই গবেষণায় স্পষ্টভাবে দেখা গেছে, দীর্ঘস্থায়ী দারিদ্র্য ও আর্থিক সংকট জ্ঞানীয় সক্ষমতা হ্রাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

গবেষণায় আরও দেখা যায়, এই প্রভাব পুরুষদের ক্ষেত্রে বেশি ছিল। এছাড়া যাদের শৈশব ছিল আর্থ-সামাজিকভাবে পিছিয়ে থাকা এবং যাদের শরীরে APOE-ε4 নামের জিনগত বৈশিষ্ট্য রয়েছে—যা আলঝেইমার রোগের ঝুঁকি বাড়ায়—তাদের মধ্যেও প্রভাব তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।

গবেষকদের ধারণা, দীর্ঘদিনের আর্থিক উদ্বেগ থেকে সৃষ্ট মানসিক চাপ শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করতে পারে। পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে তৈরি মানসিক চাপ মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা সময়ের সঙ্গে সঙ্গে জ্ঞানীয় ক্ষমতা কমিয়ে দিতে পারে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এটি একটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণা। তাই আর্থিক সংকটই সরাসরি মস্তিষ্কের বার্ধক্যের কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আরও কিছু অজানা বা অনিয়ন্ত্রিত কারণও ফলাফলে প্রভাব ফেলতে পারে।

গবেষকদের মতে, দীর্ঘমেয়াদি দারিদ্র্য কমাতে কার্যকর সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ মানুষের মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আর্থিক অবস্থার উন্নতি করলে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার ঝুঁকি কতটা কমে, তা নিশ্চিত করতে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী