বিনোদন ডেস্ক, ২৭ জুলাই, ২০২৬ :মার্কিন র্যাপ তারকা কার্ডি বি নিউইয়র্ক সিটির নবউদ্বোধিত একটি ভেন্যুতে বিশেষ এক রাতের অনুষ্ঠানে দুর্দান্ত পারফরম্যান্স করে দর্শকদের মুগ্ধ করেছেন। শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তার আকর্ষণীয় মঞ্চ উপস্থিতি এবং ব্যতিক্রমী ফ্যাশন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
অনুষ্ঠানে কার্ডি বি উজ্জ্বল গোলাপি রঙের করসেট-স্টাইলের বডিস্যুট, অলংকৃত ব্রা, মানানসই টাইটস, প্ল্যাটফর্ম হিল এবং পিলবক্স হ্যাট পরে মঞ্চে ওঠেন। পোশাকের সঙ্গে মিলিয়ে নখের রঙও ছিল একই শেডের। অন্যদিকে বরফ-নীল রঙের ছোট চুলের স্টাইল তার পুরো লুককে আরও আলাদা মাত্রা দেয়।
মঞ্চে ওঠার আগে নিজের সাজসজ্জার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন এই গ্র্যামিজয়ী শিল্পী, যা দ্রুত ভক্তদের নজর কাড়ে।
অনুষ্ঠানে উপস্থিত হাজারো দর্শকের সামনে তিনি পরিবেশন করেন তার জনপ্রিয় গান “Bodak Yellow”, “WAP”, “Up” এবং “Outside”। একই মঞ্চে আরও পারফর্ম করেন শন জে রাইট, অ্যালেক্সিস দে লা রোসা, বাইরেল দ্য গ্রেট এবং আকুইটে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কেভিন অ্যাভান্স।
চলতি বছরের এপ্রিল মাসে নিজের “Little Miss Drama” সফর শেষ করার পর জুনে বিইটি অ্যাওয়ার্ডসেও পারফর্ম করেন কার্ডি বি। আগামী সেপ্টেম্বরে আইহার্টরেডিও মিউজিক ফেস্টিভ্যালেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে সাম্প্রতিক এক অনলাইন আলোচনায় ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খোলেন এই র্যাপার। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, অনেকে তাকে সারাজীবন একা থাকতে এবং শুধুই নিজের দিকে মনোযোগ দিতে বললেও, তিনি এমন জীবন চান না। তিনি জানান, পুরো কনসার্ট সফরজুড়ে তিনি একাই ছিলেন এবং কোনো সম্পর্কে জড়াননি। পরে একটি পুরোনো সম্পর্কে ফিরে গেলেও দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে এখন নিজের জীবন উপভোগ করছেন।
কার্ডি বি বলেন, বর্তমানে তিনি বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, ভ্রমণ করছেন এবং কাজের ফাঁকে জীবনকে উপভোগ করছেন। তার মতে, ব্যস্ত জীবনের মাঝেও আনন্দ ও বিনোদনের প্রয়োজন রয়েছে।
ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সর্বশেষ তিনি এনএফএল তারকা স্টেফন ডিগস-এর সঙ্গে আলোচনায় ছিলেন। ২০২৫ সালের নভেম্বরে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। তবে এরপর দুজনের সম্পর্ক বারবার ভাঙা-গড়ার মধ্য দিয়ে গেছে। চলতি বছরের শুরুতে এক অনুষ্ঠানে কার্ডি বি ইঙ্গিত দেন যে, তিনি আর ডিগসের সঙ্গে সম্পর্কে নেই। বিভিন্ন সূত্রের দাবি, এরপরই তিনি সেই সম্পর্ক থেকে পুরোপুরি সরে আসেন।








