বোলেরো গাড়ি সহ পুলিশের জালে দুই গরু চোর!

প্রগতি ত্রিপুরা, ২৫ জুলাই, ২০২৬: রাজ্য জুড়ে পুলিশের তৎপরতায় ভেস্তে গেল গরু চুরির বড়সড় চেষ্টা। ৪টি গবাদি পশু এবং চুরির কাজে ব্যবহৃত একটি বোলেরো গাড়ি (নম্বর: TR 01 D 1739) সহ দুই চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ধৃতেরা সম্পর্কে আপন দুই ভাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ ও কলমচৌড়া থানা এলাকায়।

আটক ধৃতদের পরিচয় মহাসিম মিয়া এবং ওয়াসিম মিয়া— দুজনই আপন ভাই। তাদের বাড়ি কলমচৌড়া থানার অন্তর্গত পুটিয়া মোল্লা চৌমূহনী এলাকায়। ঘটনা ২৪ জুলাই মধ্যরাতে বিশ্রামগঞ্জের কড়ই মুড়া এলাকা থেকে গবাদি পশুগুলো চুরি হয়। ক্ষতিগ্রস্ত গরুর মালিকগণ সঞ্জিত দেববর্মা, আজিলা দেববর্মা এবং রবি দেববর্মা। কলমচৌড়া থানার পুলিশ অভিযুক্তদের ধরে বিশ্রামগঞ্জ থানার হাতে তুলে দেয়।

পুলিশ সূত্রের খবর, গত ২৪ জুলাই গভীর রাতে কড়ই মুড়া এলাকা থেকে তিনটি পরিবারের গবাদি পশু গায়েব হয়ে যায়। শনিবার সকালে চুরির খবর পেয়ে এবং পশু উদ্ধারের সংবাদ পেয়ে বিশ্রামগঞ্জ থানায় ছুটে যান গবাদি পশুর মালিক সঞ্জিত দেববর্মা, আজিলা দেববর্মা ও রবি দেববর্মা। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনায় ভারতীয় আইনে নির্দিষ্ট মামলা (মামলা নম্বর: ২৫/২০২৬) রুজু করা হয়েছে।

ধৃত দুই ভাইকে বিশালগড় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। “ঘটনার তদন্ত চলছে। উদ্ধার হওয়া গবাদি পশুগুলোকে আইনি প্রক্রিয়া শেষে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে এবং অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হচ্ছে।” গতকাল রাত থেকে চোরদের হেফাজতে থাকা গবাদি পশুগুলো সম্পূর্ণ উপোস ছিল। খিদের জ্বালায় পশুগুলোর হাঁসফাঁস অবস্থা দেখে এগিয়ে আসেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। তিনি নিজেই উদ্যোগ নিয়ে ক্ষুধার্ত গবাদি পশুগুলোকে ঘাস ও জল খাইয়ে শান্ত করেন। থানার ওসির এই মানবিক রূপ দেখে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী