প্রগতি ত্রিপুরা, ২৪ জুলাই, ২০২৬: নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত স্থান বা প্রতিষ্ঠান থেকে তাঁর নাম মুছে ফেলার বা পরিবর্তন করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা ও ক্ষোভ প্রকাশ করেছে ত্রিপুরা সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী বিজেপি সরকারের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বীর শহীদদের প্রতি অপমান বলে অভিহিত করেছেন। 
তিনি বলেন, একদিক থেকে তিনি এই সিদ্ধান্তে স্তম্ভিত, তবে বিজেপি ও আরএসএস-এর আদর্শগত ইতিহাস বিবেচনা করলে এটি খুব একটা আশ্চর্যজনকও নয়। জীতেন চৌধুরী অভিযোগ করেন, “যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল এবং ব্রিটিশদের দালালি করেছিল, আজ সেই আরএসএস-এর দর্শনেই বিজেপি সরকার পরিচালিত হচ্ছে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং বা ক্ষুদিরাম বসুর মতো মহান ব্যক্তিত্বদের নাম বা স্মৃতি মুছে ফেলাটাই ওদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
” তিনি আরও দাবি করেন, দেশের স্বাধীনতা সংগ্রামীদের নাম সরিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিবর্গের নাম বসানোর একটি চক্রান্ত চলছে। ১০০ দিনের কাজের প্রকল্প (MGNREGA) থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এখন নেতাজি ও অন্যান্য বিপ্লবীদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে, যা দেশপ্রেমিক মানুষ কখনোই মেনে নেবে না। রাজ্যের ৪৪ লক্ষ মানুষের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে জীতেন চৌধুরী মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। নেতাজির নাম মুছে ফেলাকে তিনি পুরো দেশ, ভারতের স্বাধীনতা এবং সংবিধানের অপমান বলে আখ্যা দেন।








