প্রগতি ত্রিপুরা, ২১ জুলাই, ২০২৬: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, সরকারি অর্থে পরিচালিত এই পরিষেবার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা বছরের পর বছর বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করলেও রোগীদের প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।
বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের সময় ডায়ালাইসিস রোগীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।ধর্মনগর জেলা হাসপাতালে স্থাপিত ডায়ালাইসিস সেন্টারটি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয় সূত্রের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পরিষেবার জন্য সরকারি অর্থ ব্যয় করা হলেও রোগীদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা হয়নি।
সবচেয়ে গুরুতর অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের সময় ডায়ালাইসিস পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে। হাসপাতালের এই ইউনিটে কোনো কার্যকর ব্যাকআপ জেনারেটর ব্যবস্থা না থাকায় রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
ডায়ালাইসিসের জন্য আসা বহু রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসার মাঝপথে বিদ্যুৎ চলে গেলে পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে শারীরিক ও মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হন রোগীরা।
স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন মহল। তাঁদের দাবি, রোগীদের জীবনরক্ষাকারী এই পরিষেবায় অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জেনারেটরসহ প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ডায়ালাইসিসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের অপেক্ষা করতে হওয়ার অভিযোগ নতুন করে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এখন দেখার, প্রশাসন এই বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে।








