অনুরাগ ধ্যানকরের মৃত্যুর পর ত্রিপুরার ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে দায়িত্বে জি. এস. রাও

প্রগতি ত্রিপুরা, ২০ জুলাই, ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুর পর রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে দায়িত্ব পেলেন সিনিয়র আইপিএস অফিসার জি. এস. রাও।

সোমবার রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তর থেকে জারি হওয়া এক সরকারি নির্দেশে জানানো হয়েছে, বর্তমানে অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি-এপি) পদে কর্মরত ১৯৯৯ ব্যাচের আইপিএস কর্মকর্তা জি. এস. রাওকে অবিলম্বে কার্যকরভাবে ডিজিপি (হেড অব পুলিশ ফোর্স)-এর দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সরকারি নির্দেশে উল্লেখ করা হয়েছে, ১৯৯৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা ও তৎকালীন ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ফলে সৃষ্ট শূন্যপদে আপাতত এই দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাজ্য ক্যাডারের সিনিয়র আইপিএস কর্মকর্তাদের মধ্যে জি. এস. রাও বর্তমানে ষষ্ঠ জ্যেষ্ঠ কর্মকর্তা। রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় যাতে কোনও প্রশাসনিক বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যেই দ্রুত এই অন্তর্বর্তীকালীন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যপালের আদেশক্রমে সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তর এই নির্দেশ জারি করেছে। পূর্ণকালীন ডিজিপি নিয়োগের বিষয়ে সরকার পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Leave a Comment