অনলাইন ডেস্ক, ১৭ জুলাই, ২০২৬: আগামী ২৮ জুলাই তেলিয়ামুড়াস্থিত কবি নজরুল উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে খোয়াই জেলাভিত্তিক বর্ষামঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার। সভার শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানান তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেববর্মা।
সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুমিত কর, তেলিয়ামুড়া মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য নিহারেন্দু বিকাশ দত্ত-সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনাচক্র, ওপেন ক্যুইজ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পাশাপাশি অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়। প্রস্তুতি সভায় বর্ষামঙ্গল অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সফল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন চেয়ারপার্সন রূপক সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য এবং উপস্থিত অন্যান্য সদস্যগণ। তাঁরা সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানান।







