ব্রিজের দাবিতে রেল অবরোধ! চরম দুর্ভোগে যাত্রীরা।

প্রগতি ত্রিপুরা, ০৫ জুলাই,২০২৬:দীর্ঘদিনের দাবি একটি ব্রিজের। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় আজ সকালে চরম ধৈর্যের বাঁধ ভাঙল এলাকাবাসীর। ব্রিজের দাবিতে আজ সকালে রেল লাইনের ওপর নেমে এলেন স্থানীয় বাসিন্দারা। আর এই আন্দোলনের জেরে ব্যাহত হলো উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা। এলাকাবাসীর এই রেল অবরোধের জেরে সম্পূর্ণ থমকে যায় রেল চলাচল।

প্রাপ্ত খবর অনুযায়ী, রেল অবরোধের কবলে পড়ে পাহাড়ি পথে আটকে পড়েছে শিয়ালদহ থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একই সাথে তেলিয়ামুড়া স্টেশনে আটকে পড়েছে শিলচর থেকে আগরতলাগামী যাত্রী বোঝাই ট্রেন। ট্রেন আটকে পড়ায় তীব্র গরমে এবং অনিশ্চয়তায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিশু, বৃদ্ধ সহ শত শত ট্রেন যাত্রী।

দূরপাল্লার ট্রেনগুলি দীর্ঘক্ষণ আটকে থাকায় যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আন্দোলনকারী এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজের দাবি জানিয়ে এলেও প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ উদাসীন। বাধ্য হয়েই আজ সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।

Leave a Comment