খোয়াই জেলার চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জাতীয় স্তরে শংসাপত্র অর্জন

অনলাইন ডেস্ক, ১জুলাই, ২০২৬: খোয়াই জেলার চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডস এর অধীনে জাতীয় স্তরের শংসাপত্র অর্জন করেছে। গুণগত স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এক্সটারনাল এসেসমেন্ট এর মাধ্যমে এন কিউ এ এস এর আওতায় জাতীয় স্তরের মূল্যায়ন প্রক্রিয়াটি গত ৪ মে,২০২৬ অনুষ্ঠিত হয়।

মূল্যায়নে চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ৮৭.২০ শতাংশ নম্বর অর্জন করে এই স্বীকৃতি লাভ করে। এই সাফল্য হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য আধিকারিকদের আন্তরিক নিষ্ঠা, দক্ষতা এবং গুণগত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। প্রথমবার আবেদন করেই চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই সাফল্য। হাসপাতালের চিকিৎসক, নার্স, এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দলগত প্রচেষ্টার এক উজ্জ্বল স্বীকৃতি।

উল্লেখ্য, এন কিউ এ এস হলো কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি জাতীয় মান নির্ধারণ ব্যবস্থা, যার মাধ্যমে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিষেবার গুণগত মান মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করা হয়। এই স্বীকৃতির ফলে চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আগামী দিনে প্রতি বছর প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে। এই অর্থ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, রোগী পরিষেবার মানোন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ব্যয় করা হবে। খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

Leave a Comment