প্রগতি ত্রিপুরা, ২০ জুন, ২০২৬: ত্রিপুরায় বিশ্বমানের দক্ষতা উন্নয়ন পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল গতকাল ভুবনেশ্বরে অবস্থিত ওয়ার্ল্ড স্কিল সেন্টার পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি ওয়ার্ল্ড স্কিল সেন্টার সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং আগরতলার হাঁপানিয়ায় প্রস্তাবিত ওয়ার্ল্ড স্কিল সেন্টার ও এমপ্লয়েবিলিটি হাব গড়ে তুলতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
হাঁপানিয়ায় প্রস্তাবিত ওয়ার্ল্ড স্কিল সেন্টার ও এমপ্লয়বিলিটি হাবকে একটি অত্যধুনিক সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই কেন্দ্রের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে গুণগত মানসম্পন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিল্পমুখী শিক্ষা, দক্ষতা বৃদ্ধির কর্মসূচি, ক্যারিয়ার কাউন্সেলিং প্রভৃতির ব্যবস্থা করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়ণের জন্য রাজ্য সরকার ভুবনেশ্বরের ওয়ার্ল্ড স্কিল সেন্টার-কে নলেজ পার্টনার হিসেবে নিযুক্ত করেছে। তারা হাঁপানিয়ায় প্রস্তাবিত ওয়ার্ল্ড স্কিল সেন্টার ও এমপ্লয়বিলিটি হাবকে সব ধরণের কারিগরি সহায়তা এবং পরিচালনার বিষয়ে সহযোগিতা করবে।
ভুবনেশ্বরস্থিত ওয়ার্ল্ড স্কিল সেন্টার পরিদর্শনের পর শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা বলেন, রাজ্যের যুব সমাজকে গুণগত মান সম্পন্ন দক্ষতার প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিনিধিদলের এই সফর রাজ্য সরকারের পরিকল্পনা বাস্তবায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ত্রিপুরায় শিল্পায়ণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








