প্রগতি ত্রিপুরা, ২০ জুন, ২০২৬: আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রগুলি থেকে ১০০ গজ এলাকার মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মাইক্রোফোন বা স্বরবর্ধক যন্ত্রের ব্যবহার পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের সমস্যা সৃষ্টি করতে পারে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিএনএসএস-র ১৬৩ ধারায় এক আদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।
জেলাশাসক আদেশে জানিয়েছেন, এডমিট কার্ড সহ ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা/ ইনভিজিলেটরর্স ও উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি পরীক্ষা কেন্দ্রগুলি থেকে ১০০ গজ এলাকার মধ্যে প্রবেশ করতে পারবেন না। ৫ বা ততোধিক ব্যক্তি পরীক্ষা কেন্দ্রগুলি থেকে ১০০ গজ এলাকার মধ্যে জমায়েত করতে পারবেন না।
নিরাপত্তারক্ষী ছাড়া উল্লেখিত এলাকার মধ্যে অন্য কেউ লাঠি জাতীয় অস্ত্র বহন করতে পারবেন না। উল্লেখিত এলাকার মধ্যে অনুমতি ছাড়া মাইক্রোফোন এবং স্বরবর্ধক যন্ত্র ব্যবহার করতে পারবেন না। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত নিট পরীক্ষা কেন্দ্রগুলি হল- বীরবিক্রম ম্যামোরিয়াল কলেজ, হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল, মহারাণী তুলসিবতী গার্লস এইচ এস স্কুল, মহারাজা বীর বিক্রম কলেজ, শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুল, পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়-কুঞ্জবন, কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি, ত্রিপুরা ইউনিভারসিটি এবং এনআইটি আগরতলা- জিরানীয়া।








