প্রগতি ত্রিপুরা, ২০ জুন, ২০২৬: মেসেঞ্জারে এক গৃহবধূকে আপত্তিকর বার্তা ও ছবি পাঠানোকে কেন্দ্র করে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হলেন তাঁর স্বামী শুভদীপ কর্মকার! ঘটনাটি ঘটেছে গর্জি এলাকায়। আহত শুভদীপ কর্মকার বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে রিপন দে নামের এক ব্যক্তি শুভদীপ কর্মকারের স্ত্রীর মোবাইলে আপত্তিকর ছবি ও মেসেজ পাঠাতে থাকেন। বিষয়টি গৃহবধূ প্রথমে তাঁর স্বামীকে জানালে, শুভদীপ কর্মকার রিপন দে-কে জিজ্ঞাসাবাদ করেন। এরপর এলাকায় একটি ক্লাবে বিষয়টি নিয়ে সালিশি বৈঠকেরও আয়োজন করা হয়।
তবে ক্লাবের ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট সমাধান না হওয়ায় বিষয়টি স্থানীয় অভিভাবকদের জানাতে উদ্যোগ নেন শুভদীপ কর্মকার। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্ত রিপন দে। শুক্রবার সন্ধ্যায় রিপন দে ফোন করে শুভদীপ কর্মকারকে বাজারে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই তাঁর উপর লোহার রড দিয়ে হামলা চালানো হয়। হামলায় রিপন দে-র সঙ্গে আরও এক ব্যক্তি কৃষ্ণ দাস জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে।
হামলার পর গুরুতর আহত অবস্থায় শুভদীপ কর্মকারকে তড়িঘড়ি টেপানিয়া এলাকায় গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এদিকে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে গর্জি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।







