পর্যটন বিকাশে নতুন দিগন্ত, গড়ে উঠছে দক্ষিণ ত্রিপুরার পর্যটন হাব

প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: দক্ষিণ ত্রিপুরার ঐতিহ্যবাহী লুধুয়া অর্গানিক চা বাগানকে পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে দিতে নৌবিহারের ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, রুপাইছড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রাখি ত্রিপুরা, বিডিও প্রীতম দেবনাথ, ভারপ্রাপ্ত মহকুমা শাসক রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাগানের প্রায় দুই একর আয়তনের জলাশয়ে তিনটি পেডেল বোট ও দুটি কায়াক বোটের ট্রায়াল রান উদ্বোধন করেন জেলাশাসক। রুপাইছড়ি ব্লকের আর্থিক সহায়তায় চালু হওয়া এই উদ্যোগ পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে এখানে রোপওয়ে নির্মাণ ও সৌন্দর্যায়নের পরিকল্পনাও রয়েছে।

প্রায় ১,২৫২.৮৫ একর বিস্তৃত লুধুয়া চা বাগান উচ্চমানের অর্গানিক সবুজ চা উৎপাদনের জন্য সুপরিচিত। জেলাশাসক জানান, রাজ্য সরকারের লক্ষ্য পর্যটন শিল্পের প্রসার ঘটানো এবং লুধুয়াকে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

বিডিও প্রীতম দেবনাথ বলেন, মহামুনি বৌদ্ধমন্দির, লুধুয়া চা বাগান ও মৈত্রী সেতুকে কেন্দ্র করে একটি পর্যটন হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যটকদের সুবিধার্থে প্যাডেল বোট, কায়াকিং, ট্রেকিং, পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থাও করা হবে। ফলে লুধুয়া চা বাগান ভবিষ্যতে দক্ষিণ ত্রিপুরার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment