৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগে স্মারকলিপি প্রদান টিএসইউ কেন্দ্রীয় কমিটির

প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: টিএসইউ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার সি. কে. জমাতিয়ার নিকট ৬ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলি হলো ১. টিটিএএডিসি এলাকার সকল বিদ্যালয়ে বিদ্যমান একক-শিক্ষক (Single Teacher) সমস্যার সমাধানের লক্ষ্যে দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. টিটিএএডিসি এলাকায় একটি D.El.Ed এবং একটি B.Ed কলেজ স্থাপন করতে হবে।

৩. খুমুলুঙ ডিগ্রি কলেজে ককবরক, বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর (PG) কোর্স চালু করতে হবে। ৪. কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগরতলা–খুমুলুঙ, মান্দাই–খুমুলুঙ (চম্পকনগর হয়ে) এবং তাকারজলা–খুমুলুঙ (চম্পকনগর হয়ে) বাস পরিষেবা চালু করতে হবে। ৫. খুমুলুঙ এলাকার সকল কলেজের জন্য একটি ছাত্রাবাস (Boys’ Hostel) নির্মাণ করতে হবে। ৬. জামপুইজলা ও মান্দাই এলাকায় নতুন কলেজ স্থাপন করতে হবে।

স্মারকলিপি প্রদান শেষে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে TSU কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন যে, টিটিএএডিসি প্রশাসনের অধীনে মোট ১,৬৩৩টি বিদ্যালয় রয়েছে এবং এর মধ্যে অধিকাংশ বিদ্যালয় একক-শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের তথ্য অনুযায়ী, প্রায় ১০০টি বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক।

তিনি বলেন, বর্তমানে বহু শিক্ষিত যুবক-যুবতী B.Ed এবং D.El.Ed ডিগ্রি অর্জন করে চাকরির অপেক্ষায় রয়েছেন। তাই বিদ্যালয়গুলোতে দ্রুত শিক্ষক নিয়োগের মাধ্যমে এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি আরও বলেন, টিটিএএডিসি এলাকায় D.El.Ed ও B.Ed কলেজ স্থাপন সময়ের দাবি। বর্তমানে এই অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষক-প্রশিক্ষণ গ্রহণের জন্য পশ্চিমবঙ্গসহ রাজ্যের বাইরে যেতে হয়, যার ফলে তাদের অতিরিক্ত আর্থিক ব্যয় ও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত এই ধরনের প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি জোর দাবি জানান।

এছাড়াও TSU কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উত্থাপিত ৬ দফা দাবির বিষয়গুলো শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের নিকট বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন: TSU Central Committee-এর সাধারণ সম্পাদক কমরেড সুজিত ত্রিপুরা, সচিবালয় সদস্য কমরেড অঙ্কিত মুরাসিং, কমরেড বখরুই দেববর্মা এবং CCM কমরেড বিশাল দেববর্মা।

Leave a Comment