অনলাইন ডেস্ক, ১৬ জুন, ২০২৬: আগামী ২৬ জুন, ২০২৬ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। এর অঙ্গ হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকর্মের উপরে নব প্রজন্মের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্যভিত্তিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামী ২৫ জুন বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজন করা হবে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার। রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়গুলিতে আগামী ২৩ জুনের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হবে। মহাবিদ্যালয়ের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের এক হাজার শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে।
বিদ্যালয়স্তরেও পশ্চিম ত্রিপুরা জেলার অধীন বিদ্যালয়গুলির নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আগামী ২২ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে প্রবন্ধ লিখন প্রতিযোগিতা। অনুরূপভাবে জেলাস্তরের বিদ্যালয়গুলিতেও নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বিদ্যালয়ের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পাঁচ’শ শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে। মূল্যায়ণের ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিভাগে বিজয়ী ছাত্রছাত্রীদের রাজ্য ও জেলাভিত্তিক অনুষ্ঠানগুলিতে পুরস্কৃত করা হবে।








