সামাজিক ভাতা প্রদানের দাবীতে কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে কৈলাসহর জেলা কংগ্রেস

প্রগতি ত্রিপুরা, ১৬ জুন, ২০২৬: অবিলম্বে সামাজিক ভাতা প্রদানের দাবীতে কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে কৈলাসহর জেলা কংগ্রেস। মঙ্গলবার দুপুরে কৈলাসহরের টাউন হল প্রাংগন থেকে দলীয় কর্মী সমর্থকরা এক বিক্ষোভ মিছিল করে মহকুমাশাসকের অফিসে এসে অফিস প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক বিরজিত সিনহা, জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, রুনু মিয়া, অভিজিৎ দেবনাথ, রতন দত্ত সহ আরও অন্যান্য নেতৃত্বরা বিক্ষোভ প্রদর্শন শেষে কংগ্রেস দলের এক প্রতিনিধি দল মহকুমাশাসক শান্তিময় দেববর্মার নিকট ডেপুটেশনে মিলিত হয়।

অন্যদিকে, বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে বিধায়ক বিরজিত সিনহা জানান যে, ইন্দিরা গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন সারা দেশে সামাজিক ভাতা চালু করেছিলেন। সেই সামাজিক ভাতা বিভিন্ন ক্যাটাগরির মানুষরা আজও পাচ্ছেন। কিন্তু বর্তমান বিজেপি সরকার বিগত তিন মাস ধরে সামাজিক ভাতা বন্ধ রেখেছে। এরফলে গরীব মানুষেরা হয়রানির শিকার হচ্ছেন।

অবিলম্বে ভাতা প্রদান করা না হলে কংগ্রেস দলের পক্ষ থেকে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করা হবে। এমনকি দপ্তরের মন্ত্রীকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হবে। বিধায়ক বিরজিত সিনহা প্রকাশ্যেই দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের তীব্র সমালোচনা করে জানান যে, যারা প্রকৃত ভাতা প্রাপক তাদেরকে ভাতা না দিয়ে অন্যদেরকে ভাতা দিয়ে দিচ্ছেন।

মন্ত্রী নিজের পকেটে ভাতার ফর্ম রেখে দেন এবং নিজের মর্জিমাফিক মানুষদের ভাতার সেংশন মেমো দিয়ে দিচ্ছেন বলে জানান বিধায়ক বিরজিত সিনহা। অন্যদিকে, বিকলাঙ্গ, বয়স্ক, স্বামী পরিত্যক্ত মহিলা, বিধবা মহিলা, অন্ধ মানুষরা যারা ভাতা পাচ্ছেন না তাদেরকে সাথে নিয়েই বিধায়ক বিরজিত সিনহা মিছিল এবং ডেপুটেশনে মিলিত হয়েছিলেন।

Leave a Comment