ক্ষেত বাঁচাও’ অভিযান: কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে চাষাবাদকে উৎসাহিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য : কৃষিমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: সোমবার ডুকলি কৃষি বিভাগের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর আহ্বানে কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজ্যে শুরু হয়েছে ‘ক্ষেত বাঁচাও’ অভিযান। ত্রিপুরাতেও ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এক মাসব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এই কর্মসূচিকে সামনে রেখে আগরতলা প্রতাপগড়ের প্রিয়লাল স্মৃতি ভবনে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ১২ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে দেশ পরিচালনা করছেন।

তাঁর অন্যতম লক্ষ্য হলো ধরিত্রী মাতাকে রক্ষা করা এবং পরিবেশবান্ধব উন্নয়নের মাধ্যমে দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই চিন্তা ধারা থেকেই সারা দেশে ‘ক্ষেত বাঁচাও’ অভিযান শুরু হয়েছে। কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে চাষাবাদকে উৎসাহিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

মাটি, জল ও পরিবেশকে সুস্থ রাখতে হলে কৃষকদের ধীরে ধীরে প্রাকৃতিক ও জৈব কৃষির দিকে এগিয়ে যেতে হবে। এর ফলে উৎপাদিত ফসল যেমন স্বাস্থ্যকর হবে, তেমনি কৃষি জমির উর্বরতাও দীর্ঘমেয়াদে বজায় থাকবে।” তিনি আরও বলেন, রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। কৃষকদের অবদান ছাড়া রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

কৃষির উন্নয়ন মানেই রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন। অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিজ্ঞানীরা কৃষকদের উদ্দেশ্যে জৈব ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডঃ গণেশ দাস, কৃষি দফতরের উপ-পরিচালক সঞ্জীব দেববর্মা সহ কৃষি দফতরের অন্যান্য আধিকারিক এবং এলাকার বহু কৃষক।

Leave a Comment