কালবৈশাখীর ঝড়ে বিধ্বস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র!আতঙ্কে শিশু, অভিভাবক ও শিক্ষিকা!!

প্রগতি ত্রিপুরা, ১৫ জুন।। কালবৈশাখীর ঝড়ে সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া ২ নম্বর ওয়ার্ডের সোরামনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের চাল উড়ে যাওয়ার পর থেকে চরম দুরবস্থার মধ্যে চলছে পাঠদান। প্রায় তিন মাস ধরে কেন্দ্রটির বেহাল অবস্থা বজায় থাকলেও এখনও পর্যন্ত সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রটিতে প্রায় ১৬ থেকে ১৭ জন শিশু নিয়মিত শিক্ষা গ্রহণ করে। ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবনের চাল থেকে যেকোনও সময় টিন খুলে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষিকা ও অভিভাবকরা। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শিক্ষিকা অভিভাবকদের জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিতে পারবেন না।

অভিযোগ, বিষয়টি নিয়ে সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের কমিশনার, সিডিপিও অফিস এবং নগর পঞ্চায়েতসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীরা জানান, কেন্দ্রটির অবস্থা এতটাই খারাপ যে শিশুদের জন্য মিড-ডে মিলও কেন্দ্রের ভেতরে রান্না করা সম্ভব হচ্ছে না।

পাশের একটি বাড়ি থেকে রান্না করে খাবার এনে শিশুদের দেওয়া হচ্ছে। পাশাপাশি, ঝড়-বৃষ্টির সময় শিশুদের নিরাপদ আশ্রয়েরও অভাব দেখা দেয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী একটি ক্যাবল কেন্দ্রটির ছাদের ওপর নেমে এসেছে, যা শিশুদের জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শিক্ষা জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। শিশুদের নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির জরুরি সংস্কার অত্যন্ত প্রয়োজন। সাম্প্রতিক ঝড়ের পর পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Comment