প্রগতি ত্রিপুরা, ১২ জুন, ২০২৬: বৃহস্পতিবার ফটিকরায় বিধানসভা এলাকার ডেমডুমে একটি মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পান্থ দেববর্মা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ জনতা দুর্ঘটনার পর ট্রাকচালক লিটন করকে মারধর করে এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনায় দীর্ঘ সময় অচল হয়ে পড়ে অসম-আগরতলা জাতীয় সড়ক। অভিযোগ, জনতার বেধড়ক মারধরে গুরুতর আহত হন গাড়িচালক। খবর পেয়ে পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় , পুলিশি নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় মালবাহী গাড়িটি যার নম্বর এএস-২৫ইসি১৩৭৫ ফটিকরায় থেকে ডেমডুম হয়ে কমলপুরের দিকে যাচ্ছিল।
এই সময় বিপরীত দিক থেকে আসা টিআর০২জে৭২২২ নম্বরের একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বাইক আরোহী পান্থই দেববর্মা গুরুতরভাবে আহত হয়ে রাস্তার উপর ছিটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কর্মী ও দমকল বাহিনীর সদস্যরা।
তাঁরা আহত বাইক আরোহী এবং গাড়িচালককে দ্রুত উদ্ধার করে ফটিকরায় হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় রেফার করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।








