অনলাইন ডেস্ক, ১১ জুন ২০২৬: মুক্তধারা অডিটোরিয়ামে আজ থেকে শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ অন্যান্য অতিথিগণ শিশু নাটক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিক্ষা দপ্তরের সহযোগিতায় তথ্য ও সংস্কৃতি দপ্তর এই নাটক প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতার উদ্বোধন করে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে একটি শিশুর পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব। শৈশব থেকেই নাট্য চর্চার মাধ্যমে তারা কুসংস্কারমুক্ত মানুষ হিসেবে গড়ে উঠবে। পড়াশোনার সাথে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে শিশুদের যুক্ত করার জন্য সভাধিপতি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত ভীষ্মদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন এই রাজ্যের একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। শিশু ও কিশোরদের মধ্যে নাটকের প্রসারে এবং সাংস্কৃতিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর স্মৃতিকে সম্মান জানাতেই এই নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হারাধন দত্ত প্রমুখ।
পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক অরূপ দেব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিম জেলা শিক্ষা আধিকারিক কল্যাণ ভদ্র। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। ‘গাছ বাঁচাও ও প্রকৃতি রক্ষা কর’ এই নাটকটি মঞ্চায়ণের মধ্য দিয়ে নাটক প্রতিযোগিতা শুরু হয়। আজ প্রতিযোগিতার প্রথম দিনে ৭টি নাট্যদল নাটক মঞ্চস্থ করে।








