প্রগতি ত্রিপুরা, ২ জুন, ২০২৬। হাম (Measles) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকালে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়।
বি ফিট অ্যান্ড ফিট আদার্স সোশ্যাল অর্গানাইজেশন-এর উদ্যোগে এবং District Health & Family Welfare Society-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় শুরু হওয়া র্যালিতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে জনসাধারণের মধ্যে হাম রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ে রপার্সন চপলা দেবরায়,ডাঃ সন্দিপন ভট্টাচার্য্য প্রমূখ। বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে।
তবে সময়মতো টিকাদানের মাধ্যমে এই রোগ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব। বক্তারা অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানান, যেন তাঁরা জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় নির্ধারিত সময়ে শিশুদের হাম-রুবেলা (MR) টিকা প্রদান নিশ্চিত করেন।
পাশাপাশি, রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন, যেখানে লেখা ছিল— “হাম একটি গুরুতর রোগ হতে পারে, আপনার সন্তানের সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা আপনার হাতেই” এবং “টিকাই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়”।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাম নির্মূল এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।








