জুয়ার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত ৩ সাংবাদিক! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

প্রগতি ত্রিপুরা, ০১ মে, ২০২৬: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জুয়াড়িদের হামলার শিকার হলেন ধর্মনগরের তিন সাংবাদিক। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। জানা গেছে, ধর্মনগর থানার অদূরে পদ্মপুর দ্বাদশ মান বিদ্যালয়ের মাঠে আয়োজিত চড়ক মেলায় ৩দিন ধরেই প্রকাশ্যে জুয়ার আসর বসছে বলে অভিযোগ।

ওই অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। সেই সময় জুয়ার কার্যকলাপের ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে একদল জুয়াড়ি তাঁদের বাধা দেয়। অভিযোগ, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং জুয়াড়িরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। এতে ধর্মনগরের তিন সাংবাদিক আক্রান্ত হন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদকর্মীদের নিরাপত্তা এবং অবৈধ জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সাংবাদিক সংগঠন ও সচেতন মহল দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জোরালো হচ্ছে।

Leave a Comment