রেলপথে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পানিসাগর পুলিশ! ১৯ কেজি গাঁজা সহ ধৃত এক নেশা কারবারি!!

প্রগতি ত্রিপুরা, ২৯ মে, ২০২৬ : রেলযোগে গাঁজা পাচারের চেষ্টা করতে গিয়ে পানিসাগর পুলিশের জালে ধরা পড়ল এক নেশা কারবারি। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৯ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃত ব্যক্তির নাম স্বপন নাথ বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, পানিসাগর রেলস্টেশনে আগরতলা থেকে আগত ট্রেন থেকে নামতেই জিজ্ঞাসাবাদ করা হয় ঐ ব্যক্তিকে।

গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালাতেই তার বহন করা ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। স্থানীয় লোকজনের সামনেই ব্যাগ খুলে উদ্ধার করা হয় নিষিদ্ধ মাদকদ্রব্যটি।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিসাগরের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

উদ্ধার হওয়া গাঁজা পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত স্বপন নাথ সিধাই মোহনপুর এলাকায় তার এক বোনের বাড়ি যায় এবং সেখান থেকে ঐ গাঁজা সংগ্রহ করে রেলপথে পানিসাগরে নিয়ে আসে। পরে সেখান থেকে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা হবে। এ ঘটনায় এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment