প্রগতি ত্রিপুরা, ২৯ মে, ২০২৬ : সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে ইডি হানার ঘটনার প্রতিবাদে সমগ্র দেশ এবং রাজ্যের সাথে সোনামুড়াতে ও প্রতিবাদ মিছিল সংঘটিত করল সিপিএম।
শুক্রবার সিপিএম সোনামুড়া পার্টি অফিসের সামনে থেকে দলীয় কর্মী সমর্থকরা উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলে শামিল হয় , মিছিলটি সোনামুড়া বাজার এলাকা পরিক্রমা করে পরবর্তী সময়ে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনী সংলগ্ন স্থানে পথ সভায় মিলিত হয়।
পথসভা চলাকালীন সময়ে এক সাক্ষাতে সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী ইডি কর্তৃক সংগঠিত এই ঘটনার কারণ প্রসঙ্গে বলেন সমগ্র দেশে যত গুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে এমন কেউ নেই যারা কোনো না কোনো অর্থনৈতিক তছরূপের সঙ্গে জড়িত নেই, একমাত্র সিপিএম দলই রয়েছে যাদের বিরুদ্ধে কোন স্ক্যান্ডাল এখনো খুঁজে পাওয়া যায়নি ।
তাই তারা সিপিএম দলের রাজনৈতিক নেতৃত্বদের কালিমালিপ্ত করার জন্য এই সকল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং আগামী দিনে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার দাবি জানান ।
এই প্রসঙ্গে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে আনা রোজভ্যালির মামলার বিষয়ে উত্থাপন করে বলেন সিবিআই যখন দেখেছে রোজভ্যালি কান্ডের শাসকদলের নেতৃত্বরাই বেশি বেশি জড়িত রয়েছেন তখন তারা এমনিতেই এই তদন্ত থেকে সরে গেছেন।
সবশেষে তিনি শাসক দলের অঙ্গুলি হেলনে ইডি কর্তৃক সংগঠিত হওয়া এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাতেই এই দিনের এই প্রতিবাদ মিছিল ও সভা বলে জানান বিধায়ক শ্যামল চক্রবর্তী।








