প্রগতি ত্রিপুরা, ২২মে, ২০২৬। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কলেজ, বেলোনিয়া, দক্ষিণ ত্রিপুরার ছাত্র সংসদদের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আমাদের কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চরম সংকট বিরাজ করছে।
বর্তমানে প্রায় ৭,০০০ শিক্ষার্থীর জন্য মাত্র প্রায় ৪০ জন শিক্ষক কর্মরত আছেন, যা শিক্ষার মান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
ইতোমধ্যে বাণিজ্য, প্রাণিবিজ্ঞান, ইংরেজি এবং শিক্ষা বিভাগের একাধিক শিক্ষককে অন্যত্র বদলি বা ডেপুটেশনে পাঠানো হয়েছে, কিন্তু তাঁদের স্থলাভিষিক্ত কোনো নতুন শিক্ষক নিয়োগ করা হয়নি।
অপরদিকে, অশিক্ষক কর্মচারী ক্ষেত্রেও সংকট প্রকট হয়ে উঠেছে। একজন গ্রন্থাগারিক এবং একজন সিনিয়র গ্রুপ-সি কর্মচারীকে বদলি করা হয়েছে, কিন্তু তাঁদের পরিবর্তে কাউকে নিয়োগ করা হয়নি।
এছাড়া, বেশ কয়েকজন দৈনিক মজুরিভিত্তিক কর্মী তাঁদের কাজ হারিয়েছেন এবং তাঁদের পরিবর্তে নতুন কর্মী নিয়োগ করা হয়নি। সাম্প্রতিক সময়ে কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক অবসর গ্রহণ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এই প্রেক্ষাপটে, ইতিহাস বিভাগের শিক্ষক শ্রী সুশীল কলই-এর বদলি আদেশ বর্তমান পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলবে।
অতএব, ছাত্র সংসদদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানানো হচ্ছে যে, শ্রী সুশীল কলই-এর বদলি আদেশ স্থগিত রাখা হোক অথবা অবিলম্বে একজন উপযুক্ত বিকল্প শিক্ষক নিয়োগ করা হোক, যাতে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।
এছাড়াও জানানো যাচ্ছে যে, আগামী সোমবারের মধ্যে যদি এই বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষার্থে ছাত্র সংসদ গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবে।








