প্রগতি ত্রিপুরা, ১৫ মে, ২০২৬: ধলাই জেলার ভাতখাওরি এলাকায় শুক্রবার রাস্তা অবরোধকে কেন্দ্র করে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে সালেমা এলাকার অটোচালকদের সঙ্গে আমবাসা ও কুলাই এলাকার অটোচালকদের মতবিরোধ চলছিল বলে অভিযোগ।
শুক্রবার সকালে এক অটোচালকের উপর পুনরায় মারধরের অভিযোগ তুলে সালেমা এলাকার একাংশ অটোচালক সরাসরি রাস্তা অবরোধে সামিল হন।
অবরোধের জেরে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। কুলাই ধলাই জেলা হাসপাতালে যাওয়া রোগী, স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। এক মহিলা রোগী অবরোধে আটকে পড়ে কান্নায় ভেঙে পড়েন বলেও জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছায় সালেমা থানার ওসি দীপক দাস সহ পুলিশ ও টিএসআর বাহিনী।
পুলিশ অবরোধকারীদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয় এবং আমবাসা থানার সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করে। তবে অবরোধকারীরা তাতেও অনড় থাকেন। রাস্তা অবরোধের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে।








