আধুনিক বিজ্ঞান ও গণিত শিক্ষার পাশাপাশি মূল্যবোধ ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে: রাজ্যপাল

প্রগতি ত্রিপুরা, ১৫ মে, ২০২৬: কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাশীরামপাড়ায় গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট ফাউন্ডেশন পরিচালিত মহান ভারত প্রতিভা বিদ্যালয়-এর নবনির্মিত বিদ্যালয় ভবনের আজ উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে জনার্দন প্রভু স্বাগত বক্তব্য রাখেন এবং রাজ্যপালকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। পরে রাজ্যপাল মন্দির পরিদর্শন ও পূজা-আরতিতে অংশগ্রহণ করেন। এরপর নবনির্মিত বিদ্যালয় ভবনে গিয়ে ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেডি নাল্লু বলেন, শিক্ষা কেবল ইট-পাথরের অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মূল্যবোধ, চরিত্র গঠন এবং জাতীয় চেতনার বিকাশের মাধ্যম। তিনি বিদ্যালয়টিকে উত্তর ত্রিপুরার প্রত্যন্ত এলাকার শিশু-কিশোরদের জন্য জ্ঞান ও আলোর বাতিঘর হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আধুনিক বিজ্ঞান ও গণিত শিক্ষার পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা, সহমর্মিতা ও উৎকর্ষ সাধনের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি শিক্ষকদের জাতি গঠনের অন্যতম প্রধান স্থপতি হিসেবে উল্লেখ করে তাঁদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, দক্ষতা উন্নয়ন, মেধার বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে।

বিশেষত প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ও মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া নবনির্মিত বিদ্যালয়টি এই এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। তিনি শিক্ষার প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। তিনি বলেন, এই নবনির্মিত বিদ্যালয় ভবন এলাকার শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা করবে এবং প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা এর মাধ্যমে আধুনিক শিক্ষার আরও ভালো সুযোগ পাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চঞ্চলাপতি প্রভু মহারাজ এবং আগরতলা জগন্নাথ বাড়ির ভক্তি কমল বৈষ্ণব মহারাজ। তাঁরা শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক চেতনা ও মানবিক গুণাবলির বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন এবং ছাত্র-ছাত্রীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Comment