প্রগতি ত্রিপুরা, ১৫ মে, ২০২৬: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে মেডিক্যাল আসন সংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আজ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল, আগরতলার শক্তিবৃদ্ধি ও উন্নীতকরণের লক্ষ্যে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন পিজি (এমডি/এমএস) বিভাগ চালু এবং পিজি আসন বৃদ্ধি, ইউজি (এমবিবিএস) আসন বৃদ্ধির পাশাপাশি আর্থিক অনুমোদনও প্রদান করেছে।
ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে ইউজি (এমবিবিএস) এবং পিজি (এমডি/এমএস) আসন বৃদ্ধি করতে আগ্রহী রাজ্যগুলিকে প্রয়োজনীয় প্রস্তাব জমা দেওয়ার জন্য গত ২৪ নভেম্বর, ২০২৫ আহ্বান জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকার ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে অতিরিক্ত ১০০টি ইউজি (এমবিবিএস) আসন এবং ৮৩টি পিজি (এমডি/এমএস) আসন বৃদ্ধির লক্ষ্যে গ্যাপ অ্যানালাইসিস সহ বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে জমা দেয়।
রাজ্য সরকারের এই প্রস্তাব বিবেচনা করে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছে। এ ক্ষেত্রে মোট অনুমোদিত ব্যয়ের পরিমাণ ২৭৩.৪৬ কোটি টাকা, যার মধ্যে কেন্দ্রীয় সরকারের অংশ (৯০%) হলো ২৪৬.১১ কোটি টাকা। এরমধ্যে অতিরিক্ত ১০০টি ইউজি (এমবিবিএস) আসনের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৫০.০০ কোটি টাকা, যার মধ্যে কেন্দ্রীয় অংশ (৯০%) হলো ১৩৫.০০ কোটি টাকা। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে অতিরিক্ত ৮৩টি পিজি (এমডি/এমএস) আসনের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ১২৩.৪৬ কোটি টাকা, যার মধ্যে কেন্দ্রীয় অংশ (৯০%) হলো ১১১.১১ কোটি টাকা।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্যে চিকিৎসা শিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে, উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত হবে এবং ভবিষ্যতে আরও দক্ষ চিকিৎসক তৈরির পথ সুগম হবে। এই আর্থিক বরাদ্দ ফলে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে অতিরিক্ত ১০০টি (এমবিবিএস) আসন এবং ১৯টি গুরুত্বপূর্ণ ও বিশেষজ্ঞ বিভাগে ৮৩টি পোস্ট গ্র্যাজুয়েশন আসন বৃদ্ধি করা সম্ভব হবে।
আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ইউজি (এমবিবিএস) আসন সংখ্যা ১৫০টি থেকে বেড়ে দাঁড়াবে ২৫০টি এবং আর পিজি (এমডি/এমএস) ৯৫টি থেকে বৃদ্ধি পেয়ে হবে ১৭৮টি। উল্লেখিত আসন বৃদ্ধির ফলে রাজ্যে মোট এমবিবিএস আসনের সংখ্যা দাঁড়াবে ৫৫০টি এবং পোস্ট গ্র্যাজুয়েশন আসন সংখ্যা হবে ১৯৬টি, যা গত চারবছরে একটি রেকর্ড বৃদ্ধি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই তথ্য জানিয়েছেন।







