প্রগতি ত্রিপুরা, ১৩ মে, ২০২৬: রাজধানী আগরতলার ভাটি অভয়নগর অ্যালবার্ট ক্লাব এলাকায় অর্ধনির্মিত ফ্ল্যাট বিক্রির অভিযোগে এক প্রোমোটারকে তিন বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করল ভোক্তা আদালত। অভিযুক্ত প্রোমোটারের নাম শুভ্রদীপ মজুমদার। তিনি প্যারাডাইস কনস্ট্রাকশনের মালিক।
জানা যায়, ২০১৮ সালে অভিজিৎ পাল প্যারাডাইস কনস্ট্রাকশনের কাছ থেকে একটি ফ্ল্যাট ক্রয় করেন।
অভিযোগ, ফ্ল্যাটটি তখন অর্ধনির্মিত অবস্থায় ছিল। পরবর্তীতে ফ্ল্যাটের বিভিন্ন রুম সম্পূর্ণভাবে নির্মাণ করে দেওয়ার জন্য গ্রাহক বারবার কনস্ট্রাকশন সংস্থার মালিক শুভ্রদীপ মজুমদারের কাছে আবেদন জানান। কিন্তু অভিযোগ, একাধিকবার জানানো সত্ত্বেও ফ্ল্যাটের অসম্পূর্ণ কাজ শেষ করা হয়নি। এরপর অভিজিৎ পাল ভোক্তা আদালতের দ্বারস্থ হন।
মামলার শুনানি শেষে আদালত আজ শুভ্রদীপ মজুমদারকে তিন বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত জানায়। পাশাপাশি, রাজ্য পুলিশের মহা-নির্দেশককে অভিযুক্তকে আটক করে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে আইনজীবী কিশোর কুমার পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতের রায়ের বিস্তারিত তুলে ধরেন।







