প্রগতি ত্রিপুরা, ২৩ এপ্রিল, ২০২৬: বৃহস্পতিবার সকাল থেকে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতেও ভোট হচ্ছে। ভোট ঘিরে সকাল থেকেই দিকে দিকে অশান্তির বাতাবরণ তৈরি হয়ে আছে। কুমারগঞ্জের বিজেপির প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধ।
পুলিশের সামনেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে কিল, চড় ও ঘুষি মারা হয়। যদিও তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণভাবে ভোট চললেও বুথের সামনে গিয়ে গন্ডগোল করেছেন বিজেপি প্রার্থী। শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। তাই উত্তেজিত জনতা তাঁকে ঘেরাও করেছিলেন। বিজেপির প্রার্থীর অভিযোগ, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে। অপরদিকে, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উপর হামলার অভিযোগ। তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকায়। অগ্নিমিত্রার গাড়ির পিছনের দিকের কাচ বেশির ভাগটাই ভেঙে গিয়েছে। হীরাপুর থানায় গিয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে বিজেপি। অগ্নিমিত্রা জানান, তিনি বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন। রহমতনগর হাই স্কুলের বুথ পরিদর্শন করে বেরোন তিনি। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময়েই চলন্ত গাড়িতে পিছন থেকে পাথর ছোড়া হয়েছে।
অন্যদিকে, মালদহের চাঁচল বিধানসভার ২২১ নম্বর বুথের ধুম সাডাগী পানপাড়া এলাকায় বিজেপির এক নির্বাচনী এজেন্টের উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগ, ওই এজেন্টের পরনে পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয়। পরে তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, মালদহ ও বীরভূমে চার ভোটার প্রাণ হারিয়েছেন বলে খবর।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মৃত্যু হয়েছে নৃপেন্দ্র দাস নামে এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রাণ হারিয়েছেন ইসরাতন বিবি নামে এক মহিলা। মালদহের মালতিপুরে প্রমিলা বাগদি ও বীরভূমের সিউড়িতে অসীম রায় মারা গিয়েছেন। গরমের কারণেই হৃদরোগে তাঁরা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক অনুমান।







