প্রগতি ত্রিপুরা, ২৩ এপ্রিল, ২০২৬: ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর এলাকায় গাছের ডালা টমটমের উপর ভেঙ্গে পড়ে আহত একাধিক। জানা যায় ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর এলাকায় বুধবার রাতে ঝড় বৃষ্টি চলাকালিন সময় একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে একটি বোলেরো গাড়ি, একটি স্কোরপিও গাড়ি এবং একটি টমটমের উপর। এতে বোলেরো গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। এবং টমটমটি উল্টে যায়।
এতে অল্প বিস্তর আহত হয় অনেকে। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হল অনিতা নাথ, চন্দনা নাথ, অনিমা নাথ, অভিজিত দাস, কার্তিক দাস, বিজন নাথ এবং বিষ্ণু দেব। তারা সকলে উপ্তাখালি, বটরশি ও চন্দ্রপুর এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর মহকুমার মহকুমা শাসক দেবযানী চৌধুরী।
তিনি পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে দ্রুত রাস্তার উপর পড়ে থাকা গাছ সরানোর নির্দেশ দেন। পাশাপাশি তিনি ধর্মনগর জেলা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য মহকুমা প্রশাসন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মহকুমা শাসক জানান বৃহস্পতিবার তহশিলদার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা তদন্ত করে ক্ষতিগ্রস্ত এবং আহতদের আর্থিক সাহায্যের ব্যবস্থা করবে।







