প্রগতি ত্রিপুরা, ১ এপ্রিল, ২০২৬ :আসন্ন টিটিএডিসি নির্বাচনের প্রাক্কালে পাহাড়ি জনপদে যেন উৎসবের আবহ। যুবক-যুবতী থেকে নবীন-প্রবীণ—সবাইকে সঙ্গে নিয়ে ১১ মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে জোরদার ডোর-টু-ডোর প্রচার চালালেন দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। দুর্গম পাহাড়ি চড়াই-উৎরাই পেরিয়ে, মেঠোপথে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেল তাঁদের প্রচারের বার্তা—‘বিকশিত ত্রিপুরা গড়ার স্বপ্ন’।
গ্রামের পর গ্রাম ঘুরে প্রার্থী বিল্লু জমাতিয়া সরাসরি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। কোথাও প্রবীণদের আশীর্বাদ, কোথাও আবার তরুণদের উচ্ছ্বাস—সব মিলিয়ে প্রচারপর্বে ধরা পড়ে এক ভিন্ন আবেগ। বাড়ির উঠোনে দাঁড়িয়ে, কখনও চায়ের কাপে চুমুক দিতে দিতে, আবার কখনও খোলা আকাশের নীচে জমে ওঠে আলোচনা। মানুষের মুখে উঠে আসে একটাই দাবি—বেকার যুবক-যুবতীদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ।এই প্রেক্ষাপটে প্রার্থী বিল্লু জমাতিয়া প্রতিশ্রুতি দেন, যুব সমাজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করবে বিজেপি।
তাঁর কথায়, “বর্তমান সরকার ইতিমধ্যেই যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা উদ্যোগ নিয়েছে। মানুষের আশীর্বাদ পেলে, আগামী দিনে কর্মসংস্থানের আরও বিস্তৃত সুযোগ তৈরি করা হবে।”ডোর-টু-ডোর প্রচারের শেষে স্থানীয় মানুষের উদ্দেশে তিনি আহ্বান জানান—তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করে উন্নয়নের এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে। পাহাড়ি জনপদের নিস্তব্ধতা ভেঙে সেই আহ্বান যেন প্রতিধ্বনিত হতে থাকে—ভোট শুধু রাজনৈতিক লড়াই নয়, উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারণের এক বড় সুযোগ।








