প্রগতি ত্রিপুরা, ১ এপ্রিল, ২০২৬ : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএডিসি) নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে দলবদলের প্রবণতা। উন্নয়নমুখী ও শান্তিপূর্ণ প্রশাসনের দাবিতে প্রতিনিয়তই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন জনজাতি ভোটারদের একাংশ—এমনই চিত্র ধরা পড়ল তেলিয়ামুড়ার উত্তর মহারানী এলাকায়। বুধবার ১১ মহারানী-তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে সাতটি পরিবারের মোট ২৫ জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে তাঁর উত্তর মহারানীস্থিত বাসভবনে এই যোগদান পর্ব সম্পন্ন হয়।প্রত্যন্ত এলাকার এই নতুন যোগদানকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এডিসি প্রশাসনের কাছ থেকে মৌলিক পরিষেবা ও অধিকার থেকে বঞ্চিত থাকার অভিজ্ঞতাই তাঁদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তাঁদের অভিযোগ, বাস্তব উন্নয়নের অভাব এবং জনমুখী প্রকল্পের সঠিক বাস্তবায়ন না হওয়ায় বর্তমান প্রশাসনের উপর আস্থা ক্রমশ ক্ষীণ হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “জনজাতি জনগণ এখন ক্রমশ সচেতন হচ্ছেন। তাঁরা বুঝতে পারছেন, শুধুমাত্র আবেগ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য দরকার সুপরিকল্পিত প্রকল্প ও তার সঠিক বাস্তবায়ন, যার দৃষ্টান্ত কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যেই স্থাপন করেছে।
তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী জনজাতি সমাজের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছেন, যার সুফল এখন প্রত্যন্ত এলাকায় পৌঁছতে শুরু করেছে।আসন্ন টিটিএডিসি নির্বাচনে ১১ মহারানী-তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়ার জয়ের ব্যাপারে আশাবাদী মন্ত্রী। তাঁর কথায়, “মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে। বিপুল ভোটে বিজেপির প্রার্থী জয়ী হবেন।”নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই ধরনের যোগদান রাজ্যের রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।








