অনলাইন ডেস্ক, ১ ফেব্রুয়ারী, ২০২৬: রাতে গণধোলাই খেলো যুবক!জনতার ঘেরাটোপে ফেলে পালায় বন্ধুও। ঘটনা তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায়। মধ্যরাতে তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক হওয়া যুবকের বক্তব্য অনুযায়ী, রাত প্রায় ১টা নাগাদ ওই যুবক তার নাবালিকা প্রেমিকার সঙ্গে দেখা করতে ওই এলাকায় আসে।
অপরদিকে এলাকাবাসীর অভিযোগ, সন্দেহজনকভাবে ওই যুবককে একটি বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ জাগে। স্থানীয়রা তাকে আটক করতে গেলে সে পালানোর চেষ্টা করে, আর তখনই চোর সন্দেহে তাকে ধরে ফেলে জনতা। আটক যুবকের নাম ইন্দ্রজিৎ দাস বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় তার সঙ্গে আরও এক যুবক ছিল, যার নাম মনোজ দাস। এলাকাবাসীর ধাওয়া খেয়ে মনোজ দাস পাশের জঙ্গলে ঢুকে পড়ে এবং তাকে আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত জনতা ইন্দ্রজিৎ দাসকে গণপিটুনি দেয় বলে অভিযোগ।
পরে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়। সাম্প্রতিক সময়ে তেলিয়ামুড়া ও আশপাশের এলাকায় একের পর এক চুরির ঘটনা এবং বিশেষ করে একই রাতে তেলিয়ামুড়া মহুকুমা হাসপাতাল সংলগ্ন দুইটি দোকানে দুঃসাহসিক চুরিকান্ড ঘটে।
এই চুরিকান্ডে বেশকিছু দোকান থেকে নগদ অর্থ,সামগ্ৰী সহ মোট ৪টি গ্যাস সিলিন্ডার চুরি হয়। চুরিকান্ড সংগঠিত হওয়া দোকানগুলির মালিকরা জানায় এই দোকানটি তাদের সংসার পরিচালনার একমাত্র মাধ্যম আর তাতে চুরের দলের নজর পড়ায় তারা একেবারেই সর্বস্বান্ত হয়ে পড়েছে। গোটা ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে ভয় ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে।
তারই প্রেক্ষাপটে একই রাতে অপরিচিত যুবকের এমনভাবে আটক হওয়ার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে। অপরদিকে একের পর এক চুরির ঘটনা ঘটে থাকলেও পুলিশী নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। একাংশের অভিমত একশ্রেণির নেশাসক্ত যুবক দের দ্বারাই এইধরনের চুরিকান্ডগুলো সংগঠিত হচ্ছে।
তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, হাসপাতালে এর সন্নিকটে সংগঠিত এই চুরিকান্ডের ঘটনার খবর তেলিয়ামুড়া থানা পুলিশকে দেওয়া সত্ত্বেও পরদিন সকাল ১১টা পর্যন্ত পুলিশের দেখা মেলেনি।








