অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী, ২০২৬: । —তেলিয়ামুড়া মহকুমার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চামপ্লাই নয়া বাড়ি এলাকায় বরাদ্দ প্রায় ১ কোটি টাকার সরকারি প্রকল্পে বোল্ডার বসানোর কাজ নিয়ে চরম অসন্তোষে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা! এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পে ব্যবহৃত বোল্ডার এতটাই নিম্নমানের যে কাজ চলাকালীনই হাতে সামান্য চাপ দিলেই তা ভেঙে পড়ছে।
রাস্তা রক্ষার জন্য যে বোল্ডার বসানো হচ্ছে, তা আদৌ বর্ষার ধকল সামলাতে পারবে কি না, সে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাঁদের আশঙ্কা, বর্ষা নামলেই এই তথাকথিত সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে। স্থানীয়দের আরও দাবি, এত বড় অঙ্কের সরকারি অর্থ ব্যয় হওয়ার পরও যদি কাজের মান এমন হয়, তবে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে সন্দেহ জাগতেই পারে।
অভিযোগ উঠেছে, ঠিকাদার ও সরবরাহকারী স্তরে যোগসাজশের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যার ফলে প্রকৃত উন্নয়নের বদলে সরকারি অর্থের অপচয় হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, কাজের সঙ্গে যুক্ত কয়েকজন শ্রমিক ও কর্মীও নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন—ব্যবহৃত সামগ্রী মানের দিক থেকে অত্যন্ত দুর্বল।
তবে “উপর মহলের নির্দেশ”-এর কথা জানিয়ে তাঁরা প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না।এই পরিস্থিতিতে এলাকাবাসীর প্রশ্ন—লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি কাজই টেকসই না হয়, তবে এই অর্থের দায়িত্ব কে নেবে? প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কি বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবেন, নাকি সব জেনেও নীরব থাকবেন?চামপ্লাই নয়া বাড়ির বাসিন্দাদের একটাই দাবি—অবিলম্বে এই কাজ বন্ধ করে নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। নচেৎ এই প্রকল্পও সাধারণ মানুষের চোখে ‘কাগজে-কলমে উন্নয়ন’-এর আরেকটি উদাহরণ হয়ে থাকবে।








