রাজ্যের বিভিন্ন মহকুমায় প্রজাতন্ত্র দিবস উদযাপন

অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী, ২০২৬: কাঞ্চনপুর: সারা রাজ্যের সাথে গতকাল কাঞ্চনপুর মহকুমায় ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা
হয়। মহকুমাভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন ময়দানে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াৎ।

এ উপলক্ষে ত্রিপুরা পুলিশ ও বিভিন্ন বিদ্যালয়ের এন এস এস ইউনিটের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সুসজ্জিত কুচকাওয়াজ ও প্যারেড প্রদর্শিত হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন প্ল্যাটুনকে পুরস্কৃত করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি শৈলেন্দ্র নাথ, স্বপ্নারানী দাস, কাঞ্চনপুরের মহকুমা শাসক আশিষ বিশ্বাস প্রমুখ।

প্রজাতন্ত্র দিবস উদযাপনের অংশ হিসেবে সকালে কাঞ্চনপুর বাজার এলাকায় একটি প্রভাত ফেরীর আয়োজন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রভাত ফেরীতে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ অংশগ্রহণ করে। সাক্কুমঃ সাবুম মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল সাব্রুম মেলার মাঠে যথাযোগ্য মর্যাদায় ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক মাইলায়ু মগ।

অনুষ্ঠানে আরক্ষাবাহিনীর জওয়ানগণ কুচকাওয়াজে অংশ নেন এবং সেলামী প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে, সাব্রুম মহকুমার মহকুমা শাসক সুমন রক্ষিত, প্রাক্তন বিধায়ক শংকর রায় ও অন্যান্য অতিথিগণ। এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ দেশাত্ববোধক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাবুম বাজার কমিটির পক্ষ থেকে সাবুম মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

শান্তিরবাজার ঃ- ৭৭তম প্রজাতন্ত্র দিবস গতকাল নানা অনুষ্ঠানে শান্তিরবাজার মহকুমায় উদযাপন করা হয়। মহকুমা প্রশাসনের উদ্যোগে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ের মাঠে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক প্রমোদ রিয়াৎ। তিনি আরক্ষা বাহিনীর জওয়ানদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।

উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারপার্সন সত্যরত সাহা, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক সঞ্জীব চাকমা প্রমুখ। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সাংস্কৃতিক শাখার শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা হাসপাতাল ও মহকুমার স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। তাছাড়া খেলাধুলার আয়োজন করা হয় বিভিন্ন স্থানে।

কমলপুর: কমলপুর মহকুমায় যথাযোগ্য মর্যাদায় গতকাল ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। কমলপুর দ্বাদশশ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কমলপুর মহকুমাভিত্তিক মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন বিধায়ক মনোজকান্তি দেব। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে বিধায়ক মনোজকান্তি দেব তার আলোচনায় প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখা করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কমলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য, চেকনৃত্য, হজাগিরি নৃত্য ও লোকনৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সহকারি সভাধিপতি অনাদি সরকার, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার, কমলপুর মহকুমার মহকুমা শাসক গিড়িয়ন মলসম, মহকুমার ডিসিএমগণ সহ বিশিষ্ট জনেরা।

কমলপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা হাসপাতালের রোগীদের এবং কমলপুর সাব-জেলের আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। পানিসাগরঃ ৭৭তম প্রজাতন্ত্র দিবস গতকাল যথাযোগ্য মর্যাদায় পানিসাগরে উদযাপন করা হয়। পানিসাগর মহকুমাভিত্তিক প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় পানিসাগর টাউন হল সংলগ্ন বিবেকানন্দ মুক্ত মঞ্চ প্রাঙ্গনে।

বিধায়ক বিনয়ভূষণ দাস জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি আরক্ষাবাহিনীর জওয়ানদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দেবনাথ, পানিসাগর মহকুমা প্রশাসন, পুলিশপ্রশাসন ও অন্যান্য দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে বিধায়ক বিনয়ভূষণ দাস প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব উল্লেখ করে বক্তব্য রাখেন।

করবুক ঃ- করবুক মহকুমায় গতকাল ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় করবুক পাঞ্জিহাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। সকালে এই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বলেন, এই দিনটি আমাদের সংবিধান, গনতন্ত্র এবং জাতীয় ঐক্যের এক উজ্জ্বল প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক ব্লকের বিএসি’র ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা, মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং মহকুমা স্বাস্থ্য আধিকারিক ধনমনি ত্রিপুরা, সমাজসেবী হামসিং রিয়াং, সুশীল রিয়াং, বিশাল দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিধিগণ। এই দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া ভোরে প্রভাতফেরী বের করা হয়।

কুমারঘাটঃ-কুমারঘাট মহকুমায় গতকাল উদযাপিত হয় ৭৭তম প্রজাতন্ত্র দিবস। মহকুমার মূল অনুষ্ঠানটি উদযাপিত হয় পূর্ত ময়দানে। এ উপলক্ষে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করে আরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। মূল অনুষ্ঠানের আগে কুমারঘাট পুর এলাকায় একটি সুসজ্জিত প্রভাতফেরী পরিক্রমা করে। পূর্তময়দানে কুমারঘাট মহকুমাভিত্তিক প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখা করে বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দেশকে একটি পরম বৈভবশালী রাষ্ট্রে পরিনত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি সন্তোষ ধর, কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস ও ভাইস চেয়ারম্যান শংকর দেব, কুমারঘাট পুর পরিষদের পারিষদগণ, মহকুমা শাসক এন এস চাকমা, এসডিপিও উৎপলেন্দু দেবনাথ প্রমুখ।

বিশালগড়:- গতকাল সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে অভিবাদন গ্রহণ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিল্পীগণ দেশাত্মবোধক সংগীত ও নৃত্য সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ভোরে প্রভাতফেরী সহ একটি বর্ণাঢ্য র‍্যালী আয়োজিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

এছাড়া বিশ্রামগঞ্জস্থিত শচীন দেববর্মণ স্মৃতি কলাক্ষেত্রে শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এদিকে গতকাল যথাযোগ্য মর্যাদায় বিশালগড় মহকুমাভিত্তিক ৭৭তম প্রজাতন্ত্র দিবস আযোজিত হয় অফিসটিলা কালীবাড়ি প্রাঙ্গনে। অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে অভিবাদন গ্রহণ করেন বিধায়ক সুশান্ত দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব প্রজাতন্ত্র দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন এবং দেশরক্ষায় বর্তমানে ভারতের অগ্রনী ভূমিকার কথা আলোকপাত করেন।

অনুষ্ঠানে গার্ড অব অনার এবং প্যারেডে অংশ নেন বিশালগড় থানার পুলিশ। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় শিল্পীগণ দ্বারা দেশাত্মবোধক নৃত্য, সঙ্গীত, নৃত্য নাট্য ইত্যাদি পরিবেশন করেন। বাল্যবিবাহ প্রতিরোধে সতর্কীকরণ এবং বৃদ্ধাশ্রম বন্ধ বিষয়ক সচেতনতামূলক নাটক পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশালগড় মহকুমার মহকুমাশাসক বিংকি সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment