খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক যুবক!

প্রগতি ত্রিপুরা, ১২ জানুয়ারী, ২০২৬: খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে স্নানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক যুবক! জলের মধ্যেই অসুস্থতা অনুভব করায় কোনোমতে নদীর পাড়ে উঠলেও মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে!! আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার বিকেলে ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন খোয়াই নদীর তীরে। গুরুতর অসুস্থ যুবকের নাম কৃষ্ণধন দাস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার বিকেলেও মাছ ধরার উদ্দেশ্যে খোয়াই নদীতে নামেন কৃষ্ণধন। মাছ ধরা শেষে স্নান করার সময় আচমকাই তিনি অসুস্থ বোধ করেন।

জলের মধ্যে ভারসাম্য রাখতে না পেরে গভীর এলাকা থেকে কোনোরকমে নদীর পাড়ে উঠে এলেও সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি।ঘটনাটি নজরে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত তেলিয়ামুড়া দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে দ্রুত জিবিপি হাসপাতালে রেফার করেন।যুবকের অসুস্থতার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণধনের বাড়িতে রয়েছে তাঁর বৃদ্ধ মা—যাঁর দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজনেরা।

Leave a Comment