অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর, ২০২৫: স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মার নেতৃত্বে উচ্চ-পর্যায়ের এক প্রতিনিধি দল আজ রাজ্যের নরসিংগড়স্থিত মর্ডান সাইকিয়াট্রিক হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিকর্তা হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি সেন্টার, টেলি মেন্টাল হেলথ সার্ভিস (টেলি-মানস), হাসপাতালের স্টোর, রোগীদের রেজিস্ট্রেশন রুম, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কাউন্টার এবং জেনিরিক মেডিসিন কাউন্টার ইত্যাদি সরেজমিনে ঘুরে দেখেন ও বিভিন্ন পরিষেবাগুলি প্রদান সম্পর্কে অবহিত হন।
এছাড়াও তিনি হাসপাতালের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন এবং হাসপাতালের নির্মিয়মান ভবনটি পর্যবেক্ষণ করেন ও কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করেন।
পরিদর্শনের পর স্বাস্থ্য অধিকর্তা হাসপাতালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এর কক্ষে হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ইনচার্জ সহ স্বাস্থ্যকর্মীদের সাথে এক বৈঠকে মিলিত হন। এই পরিদর্শনের মূল লক্ষ্য হল হাসপাতালে উপলব্ধ পরিষেবাগুলি যাতে মানসিক রোগীরা সুচারুভাবে পেতে পারেন তা নিশ্চিত করা।
এই পরিদর্শনকালে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মার সাথে ছিলেন স্বাস্থ্য অধিকারের যুগ্ম অধিকর্তা ডাঃ অলক দেওয়ান, সাইক্রিয়াটিক হাসপাতালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডাঃ স্বপন চন্দ্র বর্মণ, মেন্টাল হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার ডাঃ উদয়ন মজুমদার প্রমুখ। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








