অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর, ২০২৫: ৩৬তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা আগামী ২৯ জানুয়ারি, ২০২৬ থেকে আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে। শিল্প ও বাণিজ্য দপ্তর এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেড এই মেলার আয়োজন করবে। ১৫ দিনব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে। আজ দুপুরে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান নিগমের বোর্ড অব ডিরেক্টর মিহির সরকার। সাংবাদিক সম্মেলনে স্বচ্ছ ও সম্পূর্ণ অনলাইন সিস্টেমে ৩৬তম শিল্প ও বাণিজ্য মেলার স্টল বুকিং এর জন্য একটি পোর্টালেরও আনুষ্ঠানিক সূচনা হয়।
পোর্টালটি হল https://ticf.tripura.gov.in। স্টল বুকিং এর জন্য এই পোর্টালটি আগামীকাল ২৯ ডিসেম্বর, ২০২৫ সকাল ১০টা থেকে খোলা হবে এবং আগামী ১৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত তা চালু থাকবে। স্টল বুকিং এর সময়ই পোর্টালে নেট ব্যাঙ্কিং। ইউপিআই / ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড ব্যবহার করে প্রদেয় অর্থ দিতে হবে।
অনলাইন স্টল বুকিংয়ে সহায়তা, প্রযুক্তিগত সমস্যা এবং বিস্তারিত তথ্যের জন্য আগরতলার খেজুরবাগানস্থিত শিল্প নিগম ভবনে একটি হেল্পডেক্স চালু থাকবে। এই হেল্প ডেস্কটি ২৯ ডিসেম্বর, ২০২৫ থেকে ১৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে খোলা থাকবে। হেল্প ডেক্সের নম্বর হল-০৩৮১-২৯১০৩৯৯।
স্টল বন্টন প্রক্রিয়া সম্পূর্ণরূপে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বরাদ্দ করা হবে। সাংবাদিক সম্মেলনে জানানো হয় ৩৬তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় ৩৯০টি স্টল খোলার ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় ইনডোর এক্সিবিশন হলে স্টলের ব্যবস্থা থাকবে। তাছাড়াও মেলায় ত্রিপুরা হাট, টেকনোলজি প্যাভিলিয়ন এবং ফুড কোর্টেও অতিরিক্ত স্টল থাকবে।
অন্যান্য বছরের মতো এবছরও বাঁশজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, বস্ত্র, পাট, শাড়ি, কাপড়, গয়না, গৃহস্থলি সামগ্রী, রাবার পণ্য, আসবাবপত্র, অটোমোবাইল ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন উৎপাদক ও ব্যবসায়ীগণ, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (PSU) মেলায় অংশগ্রহণ করবে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান থাকবে।








