অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর, ২০২৫: যুক্তরাষ্ট্রে ঝড় ডেভিনের প্রভাবে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। তীব্র তুষার ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ১ হাজারেরও বেশি উড়ান বাতিল করা হয়েছে।
নিউইয়র্ক, বস্টন, শিকাগো ও টরন্টো সহ বহু বিমানবন্দরে প্রায় ১ হাজার ৬ শোর কাছাকাছি বিমান বাতিল করে দেওয়া হয় ও ৭ হাজারের ওপর বিমানের সময়সূচী পরিবর্তন করে পিছিয়ে দেওয়া হয়।
বিশ্বের বৃহত্তম ফ্লাইট ট্র্যাকিং ডেটা কোম্পানি ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৬ হাজার ৮৮৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
শিকাগোর হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। আর শিকাগোর মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা ও যাওয়া উভয় ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছে প্রায় ৬০ শতাংশ।
তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত অন্যান্য বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে- ডেনভার ইন্টারন্যাশনাল বিমানবন্দর ও মিলওয়াকি মিচেল ইন্টারন্যাশনাল বিমানবন্দর। সূত্র: নিউজ এয়ার। নিউইয়র্ক ও দক্ষিণ কানেটিকাটে ৯ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়।
শীতকালীন এই ঝড়ের কারণে মধ্য-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে ‘বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি’ এবং ভারী তুষারপাতের পূর্বাভাস সম্পর্কে সতর্ক করার পরই ফ্লাইট বাতিলের হিড়িক পড়ে।
শুক্রবার শীতকালীন ঝড়ের সতর্কতা বা আবহাওয়ার পরামর্শের আওতায় ছিলেন ৪ কোটিরও বেশি আমেরিকান এবং ক্যালিফোর্নিয়ায় আরও ৩ কোটি মানুষ বন্যা বা ঝড়ের পরামর্শের আওতায় ছিলেন।
নিউইয়র্কে তুষারপাতের ফলে সেদেশের আবহাওয়া বিভাগ চূড়ান্ত সতর্কতা জারি করেছে। সমাজমাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানগুলির সময়ের পরিবর্তন যথাযথ ভাবে লক্ষ্য রাখার আর্জি জানিয়েছে।







