স্বাস্থ্য অধিকর্তার খোয়াই সি.এম.ও. অফিস পরিদর্শন

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর, ২০২৫: স্বাস্থ্য অধিকর্তা সহ এক প্রতিনিধি দল আজ খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের নির্মিয়মান ভবনটি পর্যবেক্ষণ করেন ও কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করেন। তারপর প্রতিনিধি দলের সদস্যগণ স্থানীয় দুর্গাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান।

সেখানে তাঁরা হাসপাতালের প্রসূতি কক্ষ, কর্মীদের আবাসন সহ হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। এই স্বাস্থ্যকেন্দ্রের সামগ্রিক পরিচ্ছন্নতা বজায় রেখে এবং সাধারণ মানুষের জন্য পরিষেবার মান উন্নয়নে কাজ করার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান এবং যেখানে উন্নতির প্রয়োজন রয়েছে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য অধিকর্তা।

এদিকে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা খোয়াই-এ নবনির্মিত ডিস্ট্রিক্ট টিউবার কিউলোসিস সেন্টার বা ডিটিসি ভার্চুয়ালি উদ্বোধন করেন। স্বাস্থ্য অধিকর্তা সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি এই ভবনে প্রদত্ত পরিষেবা প্রদানের মান এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন। এছাড়াও ভবনটি সরেজমিনে ঘুরে দেখেন এবং ভবনের বিভিন্ন কক্ষ ও সরঞ্জামগুলি প্রত্যক্ষ করেন ও পরিষেবা প্রদানের যাবতীয় দিকগুলি খতিয়ে দেখেন পাশাপাশি প্রয়োজনীয় কিছু নির্দেশিকা প্রদান করেন।

উক্ত প্রতিনিধি দলে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মার সাথে ছিলেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের যুগ্ম অধিকর্তা ডাঃ নির্মল সরকার, খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পদ্মরাম জমাতিয়া, ডিস্ট্রিক সার্ভিলেন্স অফিসার ডাঃ রাজকিশোর দেববর্মা প্রমুখ। স্বাস্থ্য কল্যাণ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment