রাজ্যে ১০০ শতাংশ দিব্যাঙ্গজন যাতে সামাজিক ভাতার আওতায় আসেন সেজন্য রাজ্যের বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ১৬ ডিসেম্বর,২০২৫:রাজ্যে ১০০ শতাংশ দিব্যাঙ্গজন যাতে সামাজিক ভাতার আওতায় আসেন সেজন্য রাজ্যের বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই উদ্যোগ যাতে সর্বাত্মক সফল হয় সেজন্য রাজ্যের সমস্ত অংশের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আজ বিকেলে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে খেলো ত্রিপুরা প্যারা গেমস-২০২৫ এর সমাপ্তি অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিস্কু রায় একথা বলেন।

তিনি বলেন, দিব্যাঙ্গজনরা কোনভাবেই অবহেলার পাত্র নন। নানাদিক দিয়েই তাদের প্রতিভা সবাইকে বিস্মিত করছে। তিনি বলেন, দিব্যাঙ্গজনেরা প্রতিমাসে রাজ্যে ২ হাজার টাকা করে ভাতা পেলেও মানসিকভাবে যারা দিব্যাঙ্গ তাদের প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই অংশের সবাই যাতে সুনির্দিষ্টভাবে সংশ্লিষ্ট দপ্তরে তাদের নাম নথিভুক্ত করে সেজন্য সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের উৎসাহিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ২০২৩ সালে ত্রিপুরা প্যারা গেমসের সূচনা করা হয়েছিল।

এখন ধীরে ধীরে এই গেমসের আয়োজন আরও বিস্তৃত হচ্ছে। ভারতীয় অলম্পিক অ্যাসোসিয়েশনের ২ জন কর্মকর্তা এবারের এই গেমস পর্যবেক্ষণ করার জন্যে রাজ্যে এসেছিলেন। তারা এই গেমসের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে রাজ্যের দিব্যাঙ্গজন খেলোয়াড়রা আগামীদিনে বেশি করে প্রতিনিধিত্ব করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতির ভাষণে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, দিব্যাঙ্গজনদের অধিকার রক্ষায় রাজ্যের বর্তমান সরকার সচেষ্ট। এই প্রতিযোগিতার আয়োজন রাজ্য সরকারের আন্তরিকতার ফসল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডার্লং প্রমুখ। অনুষ্ঠানে দু’দিনব্যাপী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অতিথিগণ তাদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Comment