কোন জাতি গোষ্ঠীর অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি যত্নশীল হতে হবে: বনমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ০৫ ডিসেম্বর, ২০২৫: পুঁথিগত বিদ্যালাভের মাধ্যমে একজন কেবল সুশিক্ষিতই হতে পারে। কিন্তু নিজের জাতির ঐক্য, কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও বিকাশের লক্ষ্যে সার্বিক চর্চা প্রয়োজন। আগামী প্রজন্মের কাছে নিজেদের জাতি সত্ত্বার পরিচয় তুলে ধরতে হলে কঠোরভাবে নিজের জাতির সমস্ত সংস্কৃতি ও ঐতিহ্যের পালন প্রয়োজন।

গতকাল অমরপুর মহকুমার খাম্বারপাড়ায় দু’দিনব্যাপী কলই সমাজের রাই বালমা পানদা উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় দু’দিনব্যাপী এই উৎসবের সূচনা করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর, গোমতী জেলা প্রশাসন, অমরপুর মহকুমা প্রশাসন এবং কলই সমাজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, কলই সমাজে উচ্চশিক্ষাধারী থাকলেও নিজেদের পেশার ব্যবস্ততার বাইরে গিয়ে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রয়াস নিতে হবে। তিনি বলেন, পৃথিবীতে প্রতিবছর ২০ থেকে ২৫টি ক্ষুদ্র জাতি গোষ্ঠী বিলুপ্ত হয়ে যাচ্ছে।

সরকার শত চেষ্টা করলেও কোন জাতি গোষ্ঠীর অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নিজেদেরকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি যত্নশীল হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে কলই সমাজের লোকেরা যেভাবে এই উৎসবে নিজেদের পুরানো সংস্কৃতিকে তুলে ধরেছেন তা অতুলনীয়।

অনুষ্ঠানে আলোচনায় টিটিএএডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া বলেন, সকল জাতি গোষ্ঠীর সার্বিক সহযোগিতায় যেকোন জাতি গেষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতির বিকাশ ও অগ্রগতি সম্ভব। এছাড়াও বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য কমল কলই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পাঠানলাল জমাতিয়া, এমডিসি সওদাগর কলই, অম্পি ব্লকের বিএসি’র চেয়ারম্যান সিন্ধু চন্দ্র জমাতিয়া, অতিরিক্ত মহকুমা শাসক প্রীতম সরকার প্রমুখ।

Leave a Comment