খোয়াইয়ে জনজাতি গৌরব দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর, ২০২৫: আজ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সিপাহীজলা জেলাভিত্তিক যুব দিবস আয়োজিত হয় বিশ্রামগঞ্জস্থিত শচীন দেববর্মণ স্মৃতিকলা ক্ষেত্রে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।

অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, মূলত যুবাদের মধ্য থেকে নতুন নতুন প্রতিভার অন্বেষণে যুব দিবসের গুরুত্ব ও প্রতিযোগিতা অপরিসীম। খেলাধুলা, শরীর চর্চা, নিয়মিত পড়াশুনা সহ সুষ্ঠু সুন্দর পরিমন্ডলে ভবিষ্যৎ প্রজন্ম আদর্শ দায়িত্বশীল নাগরিকে পরিণত হবে। যুব দিবস উপলক্ষ্যে বিশ্রামগঞ্জ শচীন দেববর্মণ স্মৃতি কলাক্ষেত্রে আজ বিজ্ঞান মেলারও আয়োজন করা হয়।

জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ৪৫টি মডেল উক্ত বিজ্ঞান মেলায় প্রদর্শিত হয়। এছাড়াও যুব দিবসে লোকসংগীত, নৃত্য, স্বরচিত কবিতা লিখন, গল্প লিখন এবং ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের নাম নির্বাচিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কার্যালয়ের উপ-অধিকর্তা সমীর দেববর্মা।

এছাড়াও সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া যুব দিবসে স্বামী বিবেকানন্দের মতাদর্শ এবং বিজ্ঞানের বর্তমান গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সীমা ভৌমিক, চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান খেলা ভৌমিক, জেলা শিক্ষা আধিকারিক কনিকা দেববর্মা, সমাজসেবী বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উপঅধিকর্তা পাঞ্চালী দেববর্মা প্রমুখ।

Leave a Comment