প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৫: উদয়পুরের বাগমা হাসপাতাল চৌমুনীতে একটি বাইক ও দুইটি অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছয়জনই বয়োজ্যেষ্ঠ পুরুষ ও মহিলা। স্থানীয় সূত্রে জানা যায়, পালাটানা ও শালগরা এলাকা থেকে ছয়জন বয়োজ্যেষ্ঠ একটি অটো গাড়িতে বৈষ্ণব সেবায় যাচ্ছিলেন।
এরই মধ্যে বাগমা হাসপাতাল চৌমুনী এলাকায় জাতীয় সড়কে তাদের অটো গাড়িটি একটি বাইক ও অপর একটি যাত্রীবাহী অটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।
বাকি পাঁচজনকে গোমতী জেলা হাসপাতালের সার্জিক্যাল বিভাগে ভর্তি রেখে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত উদয়পুর মহাকুমা এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে, প্রাণহানিও ঘটছে প্রায়ই। এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।








