অনলাইন ডেস্ক, ০৮ নভেম্বর, ২০২৫: আমাদের শিশুরা যদি সু-শিক্ষিত হয়, তবেই এগিয়ে যাবে আমাদের দেশ। গড়ে উঠবে বিকশিত ভারত। আজ উত্তর ত্রিপুরা জেলায় জেলাভিত্তিক নিপুন ফেস্ট-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথাগুলি বলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা।
উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে ধর্মগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এই নিপুন ফেস্ট-২০২৫।
নিপুন ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী সান্তনা চাকমা বলেন, ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে প্রাক-প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে শিশুদের আক্ষরিক জ্ঞান দেওয়া হয়। তারা পড়তে শিখে, লিখতে শিখে। তাই এই পর্যায়ে শিশুদের সঠিক শিক্ষা দিতে পারলে পরবর্তীতে তাদের শিক্ষা গ্রহণের পথ মসৃণ হয়।
এইজন্য শিক্ষক-শিক্ষিকাদের তিনি আহ্বান জানান ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আরও যত্নবান হতে। অভিভাবকদের আরও সচেতন হতে। তিনি বলেন, ছাত্রছাত্রীরা সঠিক দিশায় শিক্ষিত হলেই দেশ এগিয়ে যাবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রীর যে উদ্যোগ আত্মনির্ভর ভারত গড়ে তোলার, এরজন্য আমাদেরকেও উদ্যোগ নিতে হবে।
দেশীয় পণ্য ব্যবহার করতে হবে, যাতে করে আমাদের দেশের অর্থনীতি মজবুত হয়। পাশাপাশি নেশামুক্ত ভারত গড়ে তোলার জন্য আমাদের ভূমিকা নিতে হবে। শুধুমাত্র সরকারের পক্ষে নেশামুক্ত ত্রিপুরা বা নেশামুক্ত ভারত গড়ে তোলা যাবেনা, এরজন্য প্রতিটি ব্যক্তি ও প্রতিটি পরিবারকেও ভূমিকা নিতে হবে। এদিনের অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ।
তিনি বলেন, শিক্ষক-শিক্ষিকারাই নিপুন ত্রিপুরার মূল চালিকা শক্তি। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন, জেলা শিক্ষা আধিকারিক নিরঞ্জন ত্রিপুরা, সমাজসেবী কাজল কুমার দাস প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। জেলায় ৮টি ব্লকের ৮টি বিদ্যালয়কে শ্রেষ্ঠ নিপুন কর্ণার হিসেবে সংবর্ধনা দেওয়া। নিপুন ত্রিপুরা মিশনে শ্রেষ্ঠ কাজের জন্য শিক্ষক-শিক্ষিকাও বিদ্যালয় পরিদর্শকগণকে সংবর্ধনা দেওয়া হয়।








