প্রগতি ত্রিপুরা, 4 নভেম্বর, ২০২৫:। উদয়পুরে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার মহিলা থেকে নাবালিকা! জানা গেছে গত ১৪ অক্টোবর বেশ কয়েকজন মহিলা ও এক নাবালিকা এবং এক নাবালক ছেলে উদয়পুর সুকান্ত পল্লী এলাকায় বেড়াতে যায়।
সেদিন রাতে তারা সকলেই একটি সাংস্কৃতিক সন্ধ্যায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই রাষ্ট্রবাদী দুই নেতা নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী ওই বাড়িতে ঢুকে দেহ ব্যবসার মিথ্যা অভিযোগ এনে সকলের উপর মারধর শুরু করে এবং স্বর্ণালংকার ছিনতাই সহ একটি মোবাইল ভেঙ্গে দেয়, পরে নির্যাতিতা মহিলারা সহ নাবালিকা মেয়েটি সেখান থেকে কোনরকম ভাবে প্রাণ বাঁচায়।
পরে নির্যাতিতা মহিলাদের পক্ষ থেকে উদয়পুর মহিলা থানায় দুষ্কৃতিকারীদের নাম উল্লেখ করে লিখিত আকারে একটি মামলা দায়ের করে।
আর কে পুর মহিলা থানার পুলিশ এই ব্যাপারে ৩৩১,৭০(১), ১১৭(২), ১০৯,৩২৪(৪), ৩০৪,৩৫১,৩(৫) বিএনএস ধারায় মামলা নথিভুক্ত করে।
আর কে পুর মহিলা থানার পুলিশ এতগুলি জামিন অযোগ্য ধারায় মামলা নথিভুক্ত করলেও ঘটনার মূল অভিযুক্তদের গ্রেফতার করতে সাহস পায়নি পুলিশ, যার ফলে অভিযুক্তরা এখনো খোলা আকাশের নিচে শরীরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আজ এতদিন হয়ে গেলেও আর কে পুর মহিলা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। মঙ্গলবার এক নির্যাতিতা মহিলা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেছেন যদি কেউ বলে থাকেন যে রাজ্যের মহিলারা বর্তমানে সুরক্ষিত এবং নিরাপদে রয়েছে তা সম্পূর্ণই ভুল, এখনো এই পুরুষ শাসিত সমাজে মহিলারা বারবার নির্যাতিত হচ্ছে।
তিনি আরো বলেছেন উদয়পুর মহিলা থানার পুলিশ বুঝিয়ে দিয়েছেন যে পুলিশও আজকাল রাষ্ট্রবাদী নেতা নামক দুষ্কৃতিকারীদের ভয় পায়, যদি তা না হতো তাহলে কেন এখনো অভিযুক্তদের গ্রেফতার করেনি আর কে পুর মহিলা থানার পুলিশ? মঙ্গলবার দুপুরে নির্যাতিত মহিলার পক্ষের বেশ কয়েকজন রাজ্য পুলিশের সদর দপ্তরে আইজি আইনশৃঙ্খলা মনচাক ইপ্পারের সাথে দেখা করে আর কে পুর মহিলা থানার কর্মকাণ্ড নিয়ে অভিযোগ জানিয়েছেন পাশাপাশি অভিযোগ জানিয়েছেন খুব শীঘ্রই যেন অভিযুক্তদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে।
এদিন আইজি আইন-শৃঙ্খলা মনচাক ইপ্পার তাদেরকে আশ্বস্ত করেছেন খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার ব্যবস্থা করা সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








