অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর, ২০২৫ : আজ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ঊনকোটি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম পরিদর্শ করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় গ্রামবাসীদের সাথে সরাসরি কথা বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান এবং স্থানীয় বিভিন্ন অসুবিধা সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনের প্রাথমিক পর্যায়ে তিনি গৌরনগর ব্লকের খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতে যান। সেখানে তিনি চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের সহিত আলোচনা সভায় মিলিত হন। পরে রাঙ্গাউটি গেইট নং ৫৫ সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন। এরপর তিনি ১৯৯ ব্যাটেলিয়ান বিএসএফ’র লাটিয়াপুর বিওপি পরিদর্শন করেন এবং জওয়ানদের সাথে কথাবার্তা বলেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ান কমান্ডেন্ট অতুল সাইনি। পরবর্তীতে রাজ্যপাল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে যান এবং সেখানকার মানুষদের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করেন। গ্রামবাসীরা রাজ্যপালকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
রাজ্যপাল গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্তবর্তী গ্রামগুলিকে সকল সুযোগ-সুবিধা যুক্ত গ্রামে পরিণত করার স্বপ্ন নিয়ে কাজ করে চলছেন। এছাড়াও রাজ্যপাল কুমারঘাট ব্লকের রাজকান্দি ভিলেজ কমিটি পরিদর্শন করেন।
উনকোটি জেলার লংতরাইভ্যালি পাদদেশের চন্ডীপুর ব্লকের অন্তর্গত সীমান্তবর্তী খাসিয়াবস্তিও পরিদর্শন করেন রাজ্যপাল। সেখানে তিনি খাসিয়া ও ডার্লং সমাজের লোকদের সাথে কথাবার্তা বলেন। তাছাড়া তিনি আজ জামতৈলবাড়ি ভিলেজ কমিটিও পরিদর্শন করেন।
কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সচিব ইউ কে চাকমা, উনকোটি জেলার জেলাশাসক ডা. তমাল মজুমদার সহ বিভিন্ন দপ্তরের জেলাস্তরের আধিকারিকগণ।








